আগুন, আমি ও সে
· Prothom Alo

আলো পোড়াল আগুন।
আগুনের কী দোষ, মানুষের হাতেই ছিল তা
মানুষেরা আলো চিনে চিনে পোড়াতে পারে
এই মানুষেরাই হতে পারে পৃথিবীর পবিত্র সন্তান
কেউ জ্বালাতে ও পোড়াতে ভালোবাসে খুব
কেউ কেউ ছাই দিয়েও রচনা করতে পারে প্রেম
যে শুধু ঘৃণার বানান শিখে আমার প্রতিবেশী
আমি তাকে এঁকে লিখে গেয়ে, কাঁধে হাত রেখে
মানেটাও শিখিয়ে বুঝিয়ে দেব
সে জেনে যাবে, বেঁচে থাকা নানা প্রকারের হয়।
কোনো ধ্বংসস্তূপে নিয়ে যাব তাকে আমি
চাই সকল অচেনাকে সে চিনুক
আবেগ অনুতাপের সাথে হোক পরিচয়
আগুনের বয়সী যে, দেখা হোক তার আলোর সাথে
Visit rhodia.club for more information.