এয়ারফোর্স বেজক্যাম্প থেকে কেরানীগঞ্জ: দেখুন ঢাকাজুড়ে কোথায় হচ্ছে ঈদের মেহেদি উৎসব

· Prothom Alo

ঈদ কড়া নাড়ছে দরজায়। শেষ মুহূর্তের কেনাকাটা, সৌন্দর্যচর্চা আর নানা ব্যস্ততার মধ্যেও অল্প বয়সী থেকে বয়োজ্যেষ্ঠ সবাই চাইছে মেহেদির রঙে হাত রাঙাতে।

নব্বইয়ের দশকে বাটা মেহেদি সরু কাঠি দিয়ে ধীরে ধীরে নকশা আঁকা হতো হাতে। ঈদের আগের রাত, বিশেষ করে চাঁদরাতে, মাঝরাত পর্যন্ত চলত সেই আয়োজন। বাড়ির বড় বোন, ফুফু কিংবা চাচিরা ধৈর্য আর আনন্দ নিয়ে সুনিপুণ হাতে এ কাজটি করতেন। সেই সময়ের মেহেদির গন্ধ আর গল্পভরা রাত এখনো অনেকের স্মৃতিতে অমলিন। সময় বদলেছে। বাটা মেহেদির জায়গা নিয়েছে টিউব মেহেদি, স্টিকার ট্যাটু আর নানা ধরনের ডিজাইন। তবু ঈদের আগের রাত বা চাঁদরাতে কিংবা এর আগের দিন হাতে মেহেদি লাগানোর আবেদন এখনো সমানভাবে আছে।

Visit truewildgame.online for more information.

সময়ের সঙ্গে ঘরে ঘরে মেহেদি লাগানোর সেই ছোট্ট আয়োজন এখন রূপ নিয়েছে বড় পরিসরের মেহেদি ফেস্টে। হয়েছে করপোরেটায়ন। আধুনিক নগরজীবনে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানসহ পাঁচ তারকা হোটেল আয়োজন করছে বিশেষ মেহেদি উৎসব। যেখানে একসঙ্গে মেহেদি লাগানো, গান, আড্ডা আর ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়। এই ঈদে ঢাকার কোথায় কোথায় হচ্ছে এমন মেহেদি উৎসব—তার খোঁজ থাকছে এ লেখায়।

হাসনাবাদে ‘মেহেদি ফেস্টিভ্যাল ২০২৬’

ঈদের আগে হাতে মেহেদির রঙে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে ‘মেহেদি ফেস্টিভ্যাল ২০২৬’। এই আয়োজনে অংশগ্রহণকারীরা হাতভরা সুন্দর মেহেদি পরার পাশাপাশি উপভোগ করতে পারবেন বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া পরিবেশে এক আনন্দঘন সময়। থাকছে সুন্দর সাজসজ্জার মধ্যে ছবি তোলার সুযোগও। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা আগে থেকে স্লট বুক করবেন তাঁদের মধ্য থেকে প্রথম ১০ জনের জন্য থাকবে বিশেষ চমক।
তারিখ: ২৮ ও ২৯ রমজান
স্থান: বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ হাউজিং, আলহেরা স্কুল দক্ষিণ কেরানীগঞ্জ

কেরানীগঞ্জ মেহেদি ফেস্টিভ্যাল

কেরানীগঞ্জেও বসছে মেহেদির আসর। কেরানীগঞ্জ লায়নস শপিং মলের আটতলার ফুড কোর্টে অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জ মেহেদি ফেস্টিভ্যাল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ রমজান থেকে চাঁদরাত পর্যন্ত চলবে এ উৎসব। এই আয়োজনে কেরানীগঞ্জের বিভিন্ন দক্ষ মেহেদি আর্টিস্ট অংশ নেবেন। দর্শনার্থীরা পছন্দের নকশায় হাতে মেহেদি পরার পাশাপাশি ঈদের আগে উৎসবমুখর পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন। ঈদের আগে হাত রাঙাতে এবং বন্ধু–পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কেরানীগঞ্জের এই মেহেদি উৎসবে ঘুরে আসতে পারেন আপনিও।

বিডাব্লিউএম নকশীর ‘ঈদ মেহেদি সন্ধ্যা’


চাঁদরাতকে আরও আনন্দমুখর করে তুলতে বিশেষ আয়োজন করেছে বিডাব্লিউএম নকশী। তাদের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ঈদ মেহেদি সন্ধ্যা’, যেখানে মেহেদি, গান আর আড্ডায় জমে উঠবে উৎসবের পরিবেশ। এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকবে কমপ্লিমেন্টারি মেহেদি, সঙ্গে গান, আড্ডা ও মজাদার নাশতার ব্যবস্থা। ঈদের আগে বন্ধু–পরিবারের সঙ্গে প্রাণবন্ত এক সন্ধ্যা কাটানোর সুযোগ দেবে এই আয়োজন।
সময়: চাঁদরাত, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা।

স্থান: কনকর্ড এমিনেন্স, ৫৯ সাতমসজিদ রোড, ধানমন্ডি–২৭ (পঞ্চম তলা)

প্যাম্পার্ড পজ বাংলাদেশে ‘চাঁদ নাইটস’ মেহেদি আয়োজন

চাঁদরাতের আবহ, হাতে রাঙা মেহেদি, গরম চায়ের কাপ আর আদুরে পোষা প্রাণীর সঙ্গ—এই সবকিছু মিলিয়ে অন্য রকম এক আয়োজন করছে প্যাম্পার্ড পজ। রমজানের শেষ দুই দিনে তারা আয়োজন করতে যাচ্ছে ‘চাঁদ নাইটস’ নামের এই উৎসবমুখর সন্ধ্যার। এখানে দর্শনার্থীরা হাতে সুন্দর মেহেদি পরার পাশাপাশি উপভোগ করতে পারবেন গরম চা ও নানা ধরনের সুস্বাদু খাবার। পোষা প্রাণিপ্রেমীদের জন্য থাকবে আদুরে পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটানোর সুযোগও। পুরো আয়োজনে থাকবে লাইভ মিউজিক। বন্ধু, পরিবার কিংবা নিজের পোষা প্রাণী—সবাইকে নিয়ে যোগ দেওয়া যাবে এই আনন্দঘন সন্ধ্যায়।
তারিখ: রমজানের শেষ দুই দিন।
সময়: বেলা ৩টা থেকে রাত ১২টা।
স্থান: প্যাম্পার্ড পজ বাংলাদেশ, বনানী।

কই তে–র হেনা ফেস্ট

ঈদের প্রস্তুতিতে একটু ভিন্ন স্বাদ যোগ করতে কই তে আয়োজন করেছে বিশেষ হেনা ফেস্ট। এখানে হাতে মেহেদি পরার পাশাপাশি উপভোগ করা যাবে জনপ্রিয় বাবল চা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবে অংশ নিতে হলে কই তের দুটি ড্রিংক কিনতে হবে। তাহলেই পাওয়া যাবে আকর্ষণীয় মেহেদি ডিজাইন করার সুযোগ। ঈদের আগে বন্ধুদের সঙ্গে আড্ডা, বাবল টি আর মেহেদির পরার জন্য সময় কাটাতে এই আয়োজন হতে পারে যথার্থ।
তারিখ: ২৮ ও ২৯ রমজান
রেজিস্ট্রেশন: আগাম বুকিং চালু আছে

কাভায় ‘হেনা অ্যান্ড হারমনি’

চাঁদরাত উদ্‌যাপনে কাভা রেস্তোরাঁ আয়োজন করেছে ‘হেনা অ্যান্ড হারমনি’ শিরোনামে মেহেদি উৎসব। মনোমুগ্ধকর মেহেদি ডিজাইন থেকে শুরু করে কফির আড্ডায় আন্তরিক আলাপ সবকিছু মিলিয়ে সুন্দরভাবে স্বাগত জানানো হবে ঈদকে। চাঁদরাতের সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন, মেহেদির রং উপভোগ করতে করতে সঙ্গে থাকবে কফি।
তারিখ: ১৯–২০ মার্চ
সময়: দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত
স্থান: কাভা, ৩০–৩১, গ্রাউন্ড ফ্লোর, বিসমিল্লাহ প্লাজা রোড

এয়ার ফোর্স বেজক্যাম্পে ‘মেহেদি উৎসব’

রমজানের সন্ধ্যাগুলোকে আরও রঙিন করে তুলতে এয়ারফোর্স বেজক্যাম্পে আয়োজন করা হয়েছে খোলা আকাশের নিচে বিশেষ ‘মেহেদি উৎসব’, যা চলছে ১০ মার্চ থেকে। রং, সংস্কৃতি আর মনোমুগ্ধকর মেহেদি নকশায় ভরপুর এই আয়োজন রমজানজুড়ে দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত। এই উৎসবে অংশগ্রহণকারীরা সুন্দর মেহেদি ডিজাইনের পাশাপাশি উপভোগ করতে পারবেন উৎসবমুখর পরিবেশ ও আড্ডা।
তারিখ: ১০ মার্চ থেকে চাঁদরাত পর্যন্ত
সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত
স্থান: এয়ারফোর্স বেজক্যাম্প

ইউনিক হেনা বাই সিমি

ইউনিক হেনা বাই সিমি আয়োজিত ঈদ হেনা ফেস্ট চলবে ২৭ রমজান থেকে চাঁদরাত পর্যন্ত ধানমন্ডি কনভেনশন হলের দ্বিতীয় তলায়। সময়: সকাল ১০টা–রাত ১২টা

হেনা টেলস বাই শিবা
মেহেদি উৎসব মানেই হাসি, আড্ডা এবং রঙিন হাতে উৎসবের ছোঁয়া। এই উৎসব চলবে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত (২৬ রমজান–চাঁদরাত)।
সময়: সকাল ১০টা থেকে রাত ১২টা, চাঁদরাতের দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ঠিকানা: নওয়াব ম্যানসন, রোড-১৩৫, হাউস নম্বর-৫, ব্লক-এসইএ, গুলশান-১। জব্বার টাওয়ার গলি, ইমানুয়াল পার্টি সেন্টারের উল্টো পাশে।

ছবি: এআই ও সংগৃহীত

Read full story at source