বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটে র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
· Prothom Alo
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঈদ ঘিরে জনসমাগমস্থল, ঈদগাহ, বাস-রেল-লঞ্চ টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নজরদারি। আজ বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল টহল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং চালু রাখা হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
আজ বৃহস্পতিবার র্যাব ফোর্সেসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যাব জানায়, রাজধানীর জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থানে ঈদের আগে থেকেই নিরাপত্তা সুইপিং ও সিসিটিভি নজরদারি থাকবে।
ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানায় র্যাব। যাত্রীদের হয়রানি ঠেকাতে টিকিটের কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
র্যাব জানায়, ঈদ কেন্দ্র করে অনলাইনে গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
র্যাব আশা করছে, আগের বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ঈদের আনন্দ উদ্যাপন করতে পারবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।