হারিয়ে যাওয়ার ৯ বছর পর ফিরল পোষা কুকুর
· Prothom Alo
৯ বছর আগে একদিন বাড়ির উঠানে ঘুরতে বেরিয়েছিল ছোট্ট কুকুর ‘সালিও’। ২০ মিনিট পর খুঁজতে গিয়ে আর হদিস মেলেনি তার। সেই থেকে শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৯ বছর পর প্রিয় মালিকের কাছে ফিরেছে শিৎজু জাতের কুকুরটি।
Visit esporist.org for more information.
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়াংস্টাউন শহরের বাসিন্দা শ্যারন কেলি। ২০১৭ সালে তাঁর প্রিয় পোষা প্রাণী সালিও মাত্র ২০ মিনিটের ব্যবধানে চোখের আড়াল হয়ে নিখোঁজ হয়। এরপর পুলিশে খবর দেওয়া থেকে শুরু করে পুরো এলাকায় মাইকিংসহ কিছুই বাদ রাখেননি কেলি ও তাঁর পরিবার। বছরের পর বছর ধরে বহু জায়গায় খোঁজ নিলেও সালিওর দেখা মেলেনি।
অবশেষে এ সপ্তাহে কেলির নাতনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেখতে পান। ‘মাহোনিং কাউন্টি ডগ ওয়ার্ডেন’ নামের একটি পশু আশ্রয়কেন্দ্রের সেই পোস্টে দেখা যায়, একটি ছোট কুকুর উদ্ধার করা হয়েছে, যার শরীর উষ্কখুষ্ক লোমে ঢাকা। কেলি বলেন, ‘ওর মাথায় সাদা পশমের একটা বিশেষ চিহ্ন আছে, যা দেখে আমি নিশ্চিত হই, ওটাই আমার সালিও। আর ওর দাঁতের গঠনটাও খুব অদ্ভুত, যেটা ওর বড় পরিচয়।’
পরদিন সকালেই আশ্রয়কেন্দ্রে ছুটে যান কেলি। পুরোনো ছবি আর শারীরিক চিহ্ন মিলিয়ে নিশ্চিত করা হয়, এটিই সেই হারিয়ে যাওয়া কুকুর। ১০ বছর বয়সী সালিওকে বাড়িতে নিয়ে এসেছেন কেলি। ৯ বছর পর ফিরলেও সালিও নিজের চেনা পথ ভোলেনি। কেলি জানান, ফেরার পথে সালিওই তাঁকে পথ দেখিয়ে নিয়ে গেছে।
দীর্ঘদিন অযত্নে থাকায় সালিওর চোখে সংক্রমণ এবং দাঁতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার চিকিৎসা চলছে। আবেগাপ্লুত কেলি বলেন, বেঁচে থাকার জন্য দুটি জিনিস খুব প্রয়োজন—সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস আর নিজের ওপর ভরসা। আশা কখনো ছাড়তে নেই।