কুষ্টিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে আওয়ামী লীগ নেতাকে পরপর তিন গুলি

· Prothom Alo

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সদরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করা হয়। শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হওয়ায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম ওরফে আজম (৫২) আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি বিল আমলা গ্রামে। সদরপুর বাজারে তাঁর তামাকের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

Visit betsport.cv for more information.

জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা খুবই গুরুতর। তাঁর ডান চোখ, বাঁ চোয়াল ও পেটের ওপরের দিকে তিনটা গুলি লেগেছে। সব কটি গুলিই শরীরের ভেতরে রয়েছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার করানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম সদরপুর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ট্রাকে তামাক ওঠানো দেখছিলেন। সেখানে কয়েকজন শ্রমিক এই কাজ করছিলেন। পৌনে সাতটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি আসেন। একটি মোটরসাইকেল থেকে দুজন ব্যক্তি নেমে যায়। তাদের সবার মাথায় হেলমেট ছিল। শফিকুলকে ডেকে পাশে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড কথা বলা অবস্থায় পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর তারা দৌড়ে চলে যায়। এতে বাজারের মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে অস্ত্রোপচার কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে মিরপুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, একজন ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একটি ম্যাগাজিনসহ তিনটি গুলির খোসা পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Read full story at source