এপ্রিলে ওটিটিতে কী দেখবেন

· Prothom Alo

এপ্রিলে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাও আসবে। এপ্রিলে মুক্তির অপেক্ষায় থাকা সাত বিদেশি সিনেমা–সিরিজ নিয়ে এই প্রতিবেদন।

Visit biznow.biz for more information.

‘ব্লাডহাউন্ডস ২’, নেটফ্লিক্স
দুই বক্সারের গল্প। করোনার সময় অর্থ উপার্জনের জন্য ঋণের ব্যবসায় নেমে একজন প্রভাবশালী ও নিষ্ঠুর মহাজনের খপ্পরে পড়ে তারা। তখন ব্যবসা চালানো তো দূর, প্রিয়জনদের রক্ষা করাটাই কঠিন হয়ে পড়ে। এমন গল্প নিয়ে নির্মিত অ্যাকশন–ড্রামা সিরিজটি ২০২৩ সালে মুক্তির পর বিশ্বব্যাপী সাড়া ফেলে। এবার আসছে দ্বিতীয় মৌসুম। জেসন কিম পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন উ ডো–হন, লি সাং–ই, পার্ক সাং–উং। এটি মুক্তি পাবে ৩ এপ্রিল।

‘দ্য টেস্টামেন্টস’, জিওহটস্টার ও হুলু
নতুন ডিস্টোপিয়ান ড্রামা সিরিজটি তৈরি হয়েছে ২০১৯ সালে প্রকাশিত মার্গারেট অ্যাটউডের একই নামের উপন্যাস অবলম্বনে। ব্রুস মিলারের সিরিজটিতে অভিনয় করেছেন চেইজ ইনফিনিটি, লুসি হ্যালিডে। ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর ১৫ বছর পরের ঘটনা নিয়ে সিরিজটির গল্প। এটি মুক্তি পাবে ৮ এপ্রিল।

‘দ্য টেস্টামেন্টস’–এর দৃশ্য। আইএমডিবি

‘ইউফোরিয়া ৩’, এইচবিও ও জিওহটস্টার
স্যাম লেভিনসনের সিরিজটি এইচবিওতে মুক্তির পর বিশ্বব্যাপী তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। চার বছর বিরতির পর আসছে সিরিজটির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের মৌসুমে দেখা যাবে পাঁচ বছর পর নতুন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে চরিত্রগুলো। শেষ পর্যন্ত কী হবে? সিরিজটিতে অভিনয় করেছেন জেনডায়া, সিডনি সুইনি, হান্টার শেফার, জ্যাকব এলর্ডি। এবারের মৌসুমের প্রথম পর্ব মুক্তি পাবে ১২ এপ্রিল, বাকি সাত পর্ব আসবে আগামী ৩১ মে পর্যন্ত।

‘ইউফোরিয়া ৩’–এর দৃশ্য। আইএমডিবি

‘বিগ মিসটেকস’, নেটফ্লিক্স
দুই ভাই–বোনের কেউই কাউকে সহ্য করতে পারে না। কিন্তু ঘটনাক্রমে তারাই বড় এক অপরাধী গোষ্ঠীর ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়। নিজেদের বাঁচাতে একসঙ্গে কাজ শুরু করতে বাধ্য হয় তারা। এমন গল্প নিয়ে ক্রাইম–কমেডি সিরিজটি নির্মাণ করেছেন ড্যান লেভি ও র‍্যাচেল সেনট। অভিনয় করেছেন ড্যান লেভি ও টেইলর ওর্তেগা। সিরিজটি মুক্তি পাবে ৯ এপ্রিল।

‘মার্গোস গট মানি ট্রাবল’, অ্যাপল টিভি প্লাস
ডেভিড ই কেলির কমেডি–ড্রামা সিরিজটি নির্মিত হয়েছে রুফি থর্পের ২০২৪ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন এল ফ্যানিং, নিকোল কিডম্যান। উনিশ বছর বয়সী তরুণী মার্গোকে নিয়ে সিরিজের গল্প। এক অধ্যাপকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খরচ চালাতে যখন যা খুশি তা–ই করবে ভাবছে মার্গো, তখনই পাশে দাঁড়ান তার সাবেক রেসলার বাবা। বাবা–মেয়ে মিলে শুরু হয় নতুন গল্প। এটি মুক্তি পাবে ১৫ এপ্রিল।

শহীদ–তৃপ্তির নতুন সিনেমা, ওটিটিতে আর কী দেখবেন

‘টোস্টার’, নেটফ্লিক্স
প্রযোজনা সংস্থা খুলেছেন রাজকুমার রাও ও পত্রলেখা দম্পতি। ক্যাম্পা প্রোডাকশনসের প্রথম ছবি টোস্টার মুক্তি পাবে ১৫ এপ্রিল। ক্রাইম–কমেডি ঘরানার ছবিটিতে রাজকুমারের বিপরীতে রয়েছেন সানিয়া মালহোত্রা। ছবিতে আরও আছেন অভিষেক ব্যানার্জি, অর্চনা পুরন সিং। এটি পরিচালনা করেছেন বিবেক দাসচৌধুরী।

‘টোস্টার’–এর দৃশ্য। আইএমডিবি

‘মটকা কিং’, অ্যামাজন প্রাইম ভিডিও
ভারতের জুয়াজগতের এক পরিচিত নাম রতন খাত্রী। অবশ্য মটকা কিং নামেই তিনি বেশি পরিচিত। মুম্বাইয়ের ধানজি স্ট্রিটে সুতার দামের ওপর বাজি ধরে এই অবৈধ জুয়াশিল্পকে জনপ্রিয় করে তোলেন। তাঁকে নিয়েই সিরিজ। এটি পরিচালনা করেছেন নাগরাজ মানজুলে। অভিনয় করেছেন বিজয় ভার্মা, কৃতিকা কামরা, গুলশান দেবাইয়া। এটি মুক্তি পাবে ১৭ এপ্রিল।

Read full story at source