যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার ২০০ ইয়াবা বড়িসহ মিয়ানমারের নাগরিক দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তাঁরা কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা।
Visit asg-reflektory.pl for more information.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে ৪ হাজার ৪০০টি ইয়াবাসহ জুবায়েরকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ হেদায়েতুল্লাহকে আটক করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা এর আগেও বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন। এ ঘটনায় পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছেন।