শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীতে সুনামগঞ্জে দুই দিনের লোক উৎসব

· Prothom Alo

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। তাঁর জন্মস্থান দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে জেলা প্রশাসন।

প্রতিবছর শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এই উৎসবের আয়োজন করে শাহ আবদুল করিম পরিষদ। করিমের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। দেশ-বিদেশ থেকে ভক্ত-অনুরাগীরা অংশ নেন উৎসবটিতে।

Visit saltysenoritaaz.org for more information.

পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের একমাত্র ছেলে বাউল শাহ নূর জালাল বলেন, এবার উৎসবে জেলা প্রশাসন পৃষ্ঠপোষকতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, লেখক-গবেষক, জনপ্রতিনিধি ও সংগীতশিল্পীরা উপস্থিত থাকবেন। দুই দিন বিকেলে করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। এরপর থাকবে তাঁর গানের পরিবেশনা। শিষ্য-অনুরাগীদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও তাঁর গান গাইবেন।

শাহ আবদুল করিমের সৃষ্টিজুড়ে মানুষ, সাম্য ও প্রেমের বার্তা আছে জানিয়ে শাহ নূর জালাল বলেন, কালনী নদীর তীরে বসেই সহজ ভাষা ও মাটির সুরে তিনি রচনা করেছেন অসংখ্য কালজয়ী গান। নতুন প্রজন্মের কাছে তাঁকে পৌঁছে দিতেই এ আয়োজন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শাহ আবদুল করিমের গান মানুষের মনে আলোড়ন তোলে এবং শুভ-সুন্দরের পথ দেখায়। নতুন প্রজন্ম যেন তাঁকে চিনতে ও জানতে পারে, সে লক্ষ্যেই এ উৎসব।

২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবকে ঘিরে উজানধল গ্রাম ভক্ত-অনুরাগীদের পদচারণে মুখর হয়ে ওঠে। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি এ গ্রামেই জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মারা যান তিনি।

Read full story at source